বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছেন, মাতৃত্ব এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে ‘তৃপ্তিকর ও সুন্দর’ অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা তাকে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সম্প্রতি সিএনবিসি টিভি১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, মা হওয়ার পর তিনি আগের চেয়ে আরো সহনশীল হয়েছেন এবং এখন তিনি অনেক বেশি সামাজিক মানুষ হয়ে উঠেছেন।

দীপিকা ও তার স্বামী, অভিনেতা রণবীর সিং গত বছর কন্যাসন্তান দুয়া সিং পাড়ুকোনকে জন্ম দেন। বর্তমানে মেয়ের জন্য উপযুক্ত একটি প্লে-স্কুল খুঁজছেন। মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে দীপিকা বলেন, ‘আমি সবসময় ধৈর্যশীল মানুষ ছিলাম, কিন্তু এখন আমার সহনশীলতার সীমা আরো বেড়েছে। এটা আমাকে স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বের করে দিয়েছে, আমাকে আরো সামাজিক করেছে, যা আমি আগে ছিলাম না। অন্য অভিভাবকদের সঙ্গে মেলামেশা, মেয়ের প্লে-স্কুল নিয়ে ব্যস্ততা—এসবই মাতৃত্বের সুন্দর অংশ। আমি সবসময় মা হতে চেয়েছি, আর এখন আমার জীবনের সেরা ভূমিকাটি পালন করছি।’

সাক্ষাৎকারে দীপিকার কাছে জানতে চাওয়া হয়, জীবনে অর্জিত ‘টাকা, ক্ষমতা ও প্রভাব’ তিনি কীভাবে ব্যবহার করেন। উত্তরে দীপিকা বলেন, ‘আমার মধ্যে সব সময় গভীর ইচ্ছা থাকে সৎ ও প্রকৃত মানুষ হয়ে থাকার। এতে যদি ভুলও হয় বা কেউ একমত না হন, তাতেও সমস্যা নেই। আমি সংঘাতকে ভয় পাই না। প্রচলিত নিয়মে না চলতে পারলে তাতেও আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি দেখি কিছু আরো ভালোভাবে করা যায়, তাহলে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে আমি পিছপা হই না। কেউ অপছন্দ করলেও আমি আওয়াজ তুলতে ভয় পাই না।’

দীপিকা আরো বলেন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য তিনি এখনো প্রতিদিন কিছু মৌলিক বিষয় মেনে চলেন।

তিনি বলেন, ‘ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ঘুম, পর্যাপ্ত পানি পান, সুষম আহার ও ব্যায়াম। এগুলো ক্রায়োথেরাপি বা আইস বাথের মতো বিলাসবহুল নয়, কিন্তু এগুলোই আসল। আর খাবারের ক্ষেত্রে আমি সাধারণ ভারতীয় খাবারই পছন্দ করি, দামি কিছু নয়।’

‘আমি ঘণ্টার পর ঘণ্টা ফোন ছাড়াই থাকতে পারি। ডিভাইসের প্রতি আমার কোনো আসক্তি নেই। আমি স্থির হয়ে বসে থাকতে পারি না, কিছু না কিছু করতেই হয়। আমি ঘর পরিষ্কার করি, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। তবে এটা আমার মনের বিশ্রাম নেয়ার এক উপায়।’

সম্প্রতি দীপিকা পাড়ুকোন শিরোনামে আসেন বড় বাজেটের দুই সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮২৮ এডি’ -এর সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর কারণে। প্রতিবেদনে বলা হয়, দীপিকা নির্মাতাদের কাছে কিছু নির্দিষ্ট শর্ত রেখেছিলেন। যেমন সীমিত কাজের সময় এবং মেয়ের যত্ন নেয়ার জন্য পর্যাপ্ত সময়—যা প্রযোজকরা মানতে পারেননি।

বর্তমানে দীপিকা প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খানের বিপরীতে তার পরবর্তী সিনেমা ‘কিং’ -এ শুটিংয়ের জন্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস