কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং সিজেএফবির সভাপতি এনাম সরকার। অনুষ্ঠানে জানানো হয়, ২৮ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩।

এবারো জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফরমারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ইটিভি-সিজেএফবি সন্মাননা। থাকবে দেশসেরা তারকাদের পারফরম্যান্স।

অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন কনভেনর তামিম হাসান এবং সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। সিজেএফবির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন ইভেন্টের স্পন্সর পাইকারি ডটকম ডটবিডির সিইও নাবির হোসেন, ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা এফ এস নাঈম ও শান্তা জাহান।