আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ গুলমোহর। সিরিজটি আসছে চরকিতে। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ আর চরকির সঙ্গে প্রথম কাজ। গুলমোহর সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন শাওকী। শাওকী বলেন, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’

‘তাকদীর’ ও ‘কারাগার’-এর মতো জনপ্রিয় সিরিজ নির্মাণের পর ওটিটির দর্শকের কাছে নির্মাতা হিসেবে শাওকী তার নাম প্রতিষ্ঠিত করেছেন বেশ ভালোভাবেই। তাই তার নতুন কাজ দেখার আগ্রহ রয়েছে দর্শকের, আছে প্রত্যাশাও। কিন্তু নতুন কাজে আগের কোনো কিছুতে প্রভাবিত হননি তিনি, নেননি কোনো প্রত্যাশার চাপ। পরিচালক বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা, সেগুলো মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে আবার আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শক বারবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে নতুন বিষয় নিয়ে ডিল করেছি।’

কেমন গল্প নিয়ে ফিরবেন শাওকী? এমন প্রশ্ন ছিল দর্শকের। তার সহজ উত্তর, ‘এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে। তাই আমি চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে।’ শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। নির্মাতা আরো বলেন, ‘পরিবারের চেনা একটা পরিস্থিতি রয়েছে গল্পে। কিন্তু এর সঙ্গে রহস্য, সন্দেহ ও রাজনীতি জড়িয়ে গল্পটি এগিয়ে গেছে।’ গুলমোহর সিরিজে কারা অভিনয় করেছেন, কবে মুক্তি পাবে, তা এখনই জানাননি নির্মাতা।

ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘দর্শক সৈয়দ আহমেদ শাওকীর গল্প ও নির্মাণ যেভাবে গ্রহণ করেছে, তাতে বলাই যায় তিনি নবীন মেধাবী নির্মাতাদের মধ্যে অন্যতম। দেশ-বিদেশের সমালোচকরাও তার কাজের প্রশংসা করেছেন। দেশের ওটিটি কনটেন্টের ভাষা ও–ঢংয়ের নিজস্বতা তৈরিতে বড় ভূমিকা রয়েছে শাওকীর। তিনি এখন প্রতিষ্ঠিত নির্মাতা। এর আগে শাওকী নানাভাবে চরকির সঙ্গে কাজ করেছেন।’

চরকির সঙ্গে এর আগে প্রডাকশন ডিজাইনার, এক্সিকিউিটভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন শাওকী। নির্মাতা হিসেবে কাজের অভিজ্ঞতা অল্প হলেও আছে নতুন কিছু। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ। এক্ষেত্রে প্লাটফর্মটা খুব গুরুত্বপূর্ণ ছিল। চরকি এখানে আমাকে বিশ্বাস করেছে। এ স্কেলের কাজ সাধারণত বড় পর্দার জন্য হয়। ওটিটির জন্য বড় স্কেলের কাজ করে দেখতে চেয়েছি কেমন লাগে। এ কাজে চরকি আমাকে সমর্থন করেছে।’

রেদওয়ান রনি জানান, সিরিজে জ্যেষ্ঠ ও নবীন শিল্পীরা অভিনয় করেছেন। তাদের নাম ও মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।