পুরস্কারের মৌসুম এগিয়ে এসেছে। এরই মধ্যে ঘোষণা হয়েছে গোল্ডেন গ্লোবের মনোনয়ন। তার এক সপ্তাহ পর গত মঙ্গলবার ঘোষিত হলো অস্কার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা। দেখা গেল, গোল্ডেন গ্লোবের পর এখানেও এগিয়ে আছে এমিলিয়া পেরেজ। এর সঙ্গে আছে ‘উইকেড’ও।
অস্কার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এ তালিকা থেকেই আসে চূড়ান্ত মনোনয়ন। সংক্ষিপ্ত তালিকায় আসার পর সিনেমা নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়। সিনেমার নির্মাতারা সেটি নিয়ে ক্যাম্পেইনও শুরু করেন। একই সময় থেকেই অস্কার নিয়ে উদযাপনের প্রাথমিক আয়োজনটি শুরু হয়। এক্ষেত্রে এমিলিয়া পেরেজ সে জায়গাটি পেয়ে গেল। গোল্ডেন গ্লোবের পর অস্কারে সিনেমাটি ছয় বিভাগে মনোনয়নের জন্য সংক্ষিপ্ত তালিকায় এসেছে।
এমিলিয়া পেরেজ মেকআপ, শব্দ, মৌলিক সংগীত, সেরা আন্তর্জাতিক ফিচারের পাশাপাশি দুটি মৌলিক গানের জন্য সংক্ষিপ্ত তালিকায় এসেছে। অর্থাৎ চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে এ ছয় বিভাগের মধ্য থেকেই মনোনয়ন পাবে সিনেমাটি। মজার ব্যাপার বছরের শেষে মুক্তি পাওয়া উইকেডও এগিয়ে আছে সংক্ষিপ্ত তালিকায়। সিনেমাটি চার বিভাগে মনোনয়ন পেয়েছে।
অস্কারের এ সংক্ষিপ্ত তালিকা সেরা সিনেমা বা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নয়। তালিকা প্রকাশ হয়েছে ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট, ইন্টারন্যাশনাল ফিচার, লাইভ অ্যাকশন শর্ট, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং, অরিজিনাল স্কোর, অরিজিনাল সঙ ও সাউন্ড অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস বিভাগের।
মেকআপ অ্যান্ড হেয়ালস্টাইল বিভাগে বেশ কয়েকটি সিনেমা দর্শকের পরিচিত। এর মধ্যে আছে দি অ্যাপ্রেন্টিস, বিটলজুস বিটলজুস, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, মারিয়া, নসফেরাতু, দ্য সাবস্ট্যান্স ও উইকেড। প্রতিটি সিনেমা নিয়েই আলোচনা হয়েছে এবং শিল্প নির্দেশনা ও মেকআপ এ সিনেমাগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকাও রেখেছে।
মূল বিভাগগুলোর মনোনয়ন বা সংক্ষিপ্ত তালিকা আসার আগে টেকনিক্যাল বিভাগগুলোর তালিকাও অস্কারের মূল বিভাগে কোন সিনেমা থাকবে তার ধারণা দেয়। যেমন এবার সাউন্ড বিভাগে আছে এলিয়েন: রোমুলাস, ডেডপুল অ্যান্ড উলভারিন, গ্ল্যাডিয়েটর টু, জোকার: ফোলি আ দ্যুর মতো সিনেমা। মূল বিভাগগুলোয়ও এ সিনেমাগুলোই ঘুরেফিরে আসবে তা বোঝা যায়।
ধারণা করা হচ্ছে, আগামী অস্কারে সেরা সিনেমা, অভিনেত্রী, অভিনেতা বিভাগগুলোয় ঘুরেফিরে দ্য সাবস্ট্যান্স, জোকার, গ্ল্যাডিয়েটর টু, ডুন টু মনোনয়ন পাবে।
অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে মূল তালিকা তৈরির জন্য ভোট গ্রহণ শুরু হবে ৮ জানুয়ারি এবং শেষ ১২ জানুয়ারি। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি।
সূত্র: ভ্যারাইটি










