আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি জিতে নিয়েছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সিনেমা পেয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় সম্মান। গত শুক্রবার নয়াদিল্লির জাতীয় গণমাধ্যম কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এক জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের অনুমোদিত ও সার্টিফায়েড সিনেমাগুলোর মধ্য থেকে নির্বাচিত হয়েছে দেশের সেরা চলচ্চিত্রগুলো।

রকি অউর রানি মূল ধারার বিনোদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে স্থান পেয়েছে হৃদয়স্পর্শী গল্প, পারিবারিক বন্ধন, সংস্কৃতি ও আধুনিক চিন্তাধারার এক অনবদ্য মিলন। এ সিনেমার বিশেষ আকর্ষণ ছিল ‘ঢিনঢোরা বাজে রে’ গানের নৃত্যপরিকল্পনা, যা বৈভবী মারচেন্টের দক্ষ পরিকল্পনা ও পরিচালনায় এক প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন শিল্পকর্মে পরিণত হয়েছে। নৃত্যের ছন্দ, ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর সংমিশ্রণ দর্শকের মন কেড়েছে।

পুরস্কার পাওয়ার পর করণ জোহর বলেন, ‘সিনেমাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছের। জাতীয় পুরস্কার পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। দর্শকের নিরন্তর ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এ স্বীকৃতি আমাদের পরিশ্রমের সফলতা।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দীর্ঘদিন ধরেই দেশের সিনেমার গুণগত মান, বহুমাত্রিকতা ও শিল্পীর প্রতিভাকে সম্মান জানিয়ে আসছে। রকি অউর রানির এ জোড়া সাফল্য প্রমাণ করে, প্রধান ধারার সিনেমাও অত্যন্ত সুন্দরভাবে শিল্প ও বিনোদনকে একসঙ্গে মেলাতে সক্ষম। এ জয় ভারতীয় সিনেমার ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলেছে।

সুত্র: বলিউড হাঙ্গামা