করোনা ডি ভ্রিস নামের আট বছরের শিশু অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে চিঠি লিখেছিল কদিন আগে। অস্ট্রেলিয়ায় থাকাকালে হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার

ঘটনাটি ভ্রিস জানতে পেরেছিল। তাই সে তার চিঠিতে তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিয়েছে। ডি ভ্রিস তার চিঠিতে আরো লিখেছিল, তার নামের (করোনা ডি ভ্রিস) কারণে স্কুলের ছেলেরা তাকে বিরক্ত করছে। অথচ নিজের নামটি তার বেশ পছন্দ, কিন্তু তার স্কুলের সহপাঠীরা তাকে ভাইরাসের নামে চিত্কার

করে ডাকা শুরু করেছে। আর এ নিয়ে ডি ভ্রিস যে বেশ মনোবেদনায় ভুগছে, তাও সে লিখেছে টম হ্যাঙ্কসকে।


‘ফরেস্ট গাম্প’ খ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস তার সেই শিশু ভক্তের চিঠির উত্তর দিয়েছেন। তিনি ভ্রিসকে একটি করোনা ব্র্যান্ডের টাইপরাইটারও উপহার দিচ্ছেন। এই অভিনেতা ডি ভ্রিসের চিঠির উত্তরে লিখেছেন যে তিনি এবং তার স্ত্রী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন, তবে তিনি ভ্রিসকে একটি টাইপরাইটার পাঠাবেন। টম হ্যাঙ্কস বলেছেন যে ছোট ভ্রিস চাইলে কারো সাহায্য নিয়ে ওই টাইপরাইটার দিয়েই তার কাছে আবারো চিঠি লিখতে পারবে।

হ্যাঙ্কস ডি ভ্রিসকে লেখা তার চিঠিতে একটি ছোট পোস্টস্ক্রিপ্ট যুক্ত করে দিয়েছেন। পোস্টস্ক্রিপ্টে নিজেকে ডি ভ্রিসের বন্ধু বলে পরিচয় দিয়েছেন হ্যাঙ্কস। তিনি লিখেছেন যে করোনা নামের অর্থ সূর্যের চারপাশে থাকা বলয়, যা দেখতে মাথার মুকুটের মতো মনে হয়। তিনি আরো লিখেছেন, করোনা নামের কারো সঙ্গে কখনই তার সাক্ষাৎ হয়নি।

 

সূত্র: ডিএনএ