কানাডার অন্টারিও প্রদেশে একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলির ঘটনার পর ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ কারণে বর্তমানে ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’সহ সব ভারতীয় সিনেমার প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, দক্ষিণ এশিয়ার সিনেমা প্রদর্শনকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। তাই কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সাময়িকভাবে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রথম হামলার ঘটনা ঘটে ২৫ সেপ্টেম্বর। সেদিন দুই ব্যক্তি গ্যাস ক্যান ব্যবহার করে প্রেক্ষাগৃহে আগুন ধরানোর চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো হুডি পরিহিত অবস্থায় তারা প্রবেশদ্বারে দাহ্য পদার্থ নিক্ষেপ করেন এবং পরে আগুন লাগিয়ে পালিয়ে যান। আগুনটি থিয়েটারের বাইরের অংশে সীমাবদ্ধ থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি, তবে মাঝারি ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ভারতীয় সিনেমার প্রদর্শনী নিয়ে এর আগেও তারা হুমকির মুখে পড়েছিল। নতুন এ হামলা তাদের উদ্বিগ্ন করলেও নিরাপদ পরিবেশে দর্শকদের সিনেমা দেখার প্রতিশ্রুতিতে তারা অটল।

এদিকে বৃহস্পতিবার আবারো হলের বাইরে গুলির ঘটনা ঘটে। তবে তখন ভেতরে কোনো দর্শক উপস্থিত ছিলেন না।

প্রেক্ষাগৃহের প্রধান নির্বাহী জেফ নল এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি, অনেক দর্শক আগ্রহের সঙ্গে এসব সিনেমা দেখার অপেক্ষায় ছিলেন। প্রদর্শনী বন্ধ রাখার কারণে যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস