প্রখ্যাত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবারো দর্শকের জন্য নতুন এক পারিবারিক গল্প নিয়ে হাজির হচ্ছেন। তার প্রতিটি নাটকই পারিবারিক জীবনের সূক্ষ্ম দিকগুলোকে জীবন্ত করে তোলার জন্য সুপরিচিত। এবার রাজের নির্মাণে জন্ম নিচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’, যা চ্যানেল আই ও রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে সম্প্রচার হবে।
রাজ বলেন, ‘এটা আমাদেরই গল্প, একেবারেই পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি। আগের মতোই এবারো প্রত্যাশা অনেক বেশি। আমি বিশ্বাস করি, প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে থাকবে। এটি দর্শকের কাছে শুধু বিনোদন নয়, বরং পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের গুরুত্বও তুলে ধরবে।’
এ ধারাবাহিকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিল্পী ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার, যারা প্রথমবার কোনো ধারাবাহিকে কাজ করছেন। এছাড়া অভিনয় করছেন শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, সুনেরাহসহ আরো অনেকে। শুটিং চলছে রাজধানীর উত্তরায়, যেখানে প্রতিদিন নানা দৃশ্যের জন্য পুরো দল নিরলসভাবে কাজ করছে।
ইরফান সাজ্জাদ বলেন, ‘রাজ ভাই ভীষণ গুণী। পারিবারিক গল্পের নাটকে তিনি অনবদ্য। এটি আমাদেরই গল্প, বাংলাদেশের প্রতিটি পরিবারের প্রিয় নাটক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। একজন শিল্পী হিসেবে এখানে কাজ করা মানসিকভাবে খুবই অনুপ্রেরণামূলক।’ কেয়া পায়েল জানান, ‘রাজ ভাইয়ের নির্দেশনায় আগে কিছু একক নাটকে কাজ করেছি। সবগুলোয়ই ভীষণ সাড়া পেয়েছি। এ ধারাবাহিকও দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে।’










