নতুন বছর মানেই নতুন স্বপ্ন আর নতুন চ্যালেঞ্জ। তবে ২০২৬ সালকে ঘিরে ঠিক আশাবাদী বলিউড তারকা আলিয়া ভাট। এ বছর মুক্তি পাওয়ার কথা তার দুটি বড় সিনেমা। একটি শিব রাওয়াইল পরিচালিত আলফা এবং অন্যটি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার। দুই সিনেমাই আলিয়ার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ। তবে বানসালির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি ‘অমূল্য’ বলে উল্লেখ করেছেন।

লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় আলিয়া আবার পর্দায় ফিরছেন রণবীর কাপুরের সঙ্গে। সিনেমায় আরো রয়েছেন ভিকি কৌশল। আলিয়া জানান, রণবীর, সঞ্জয় লীলা ও ভিকির সঙ্গে কাজ করার সুযোগই এ সিনেমাকে তার জন্য বিশেষ করে তুলেছে। তিনি জানান, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র (২০২২) পর বানসালির সঙ্গে পুনরায় কাজ করা তার জন্য এক গভীরভাবে তৃপ্তিকর অভিজ্ঞতা।

সিনেমার সেটের পরিবেশকে আলিয়া বর্ণনা করেছেন ‘নীরব ও গভীরভাবে মনোযোগী’ বলে। তার মতে, বানসালির সঙ্গে কাজ মানে প্রতিদিন একেবারে শূন্য মন নিয়ে সেটে যাওয়া। আলিয়া বলেন, ‘চমকই তার কাজের প্রাণ। পুরো প্রক্রিয়ার কাছে নিজেকে সঁপে দিতে শেখান তিনি।’ তার দাবি, লাভ অ্যান্ড ওয়ার এমন এক সিনেমা, যার শুটিং কখনো ক্লান্তি আনে না; বরং সেটে আরো সময় কাটানোর ইচ্ছা জাগে।

অন্যদিকে আলফা ছবির মাধ্যমে আলিয়া প্রবেশ করছেন YRF স্পাই ইউনিভার্সে। এটিকে নিজের প্রথম পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা বলে মনে করেন তিনি। মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করাও তার কাছে এক নতুন শিক্ষা ছিল।

কাজের দৃষ্টিভঙ্গিতেও এসেছে পরিবর্তন। এখন একসঙ্গে একাধিক প্রজেক্ট না করে আলিয়া একটি সিনেমায়ই মন দিচ্ছেন। এতে যেমন তিনি নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছেন, তেমনি রাহার সঙ্গেও সময় কাটাতে পারছেন। ধীর কিন্তু গভীর এ কাজের যাত্রাকেই এখন উপভোগ করছেন বলিউডের এ তারকা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস