অভিনেতা ও মডেল আদিল হোসেন নোবেল। স্টেজ, টেলিভিশন, বিজ্ঞাপন ও অভিনয়ে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এ দেশের কোটি কোটি দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। এতটা বছর পরও একজন আদর্শ মডেল হিসেবে নোবেলের নামটিই আসে সবার আগে। বিজ্ঞাপনের মডেল হিসেবে আগের মতো একের পর এক কাজ যে করছেন এমনটি নয়। আবার সাম্প্রতিক সময়ে এসে তাকে অভিনয়েও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ভিজুয়াল মিডিয়ায় নোবেলের উপস্থিতি খুব বেশি নেই। কিন্তু তার পরও নোবেল এ দেশের নাম্বার ওয়ান মডেল বা পারফরমার।
অনেক দিন ধরে ‘ইনফিনিটি’র সঙ্গে কাজ করছেন তিনি। এ বছরও প্রতিষ্ঠানটির আগামী ঈদ কালেকশনসের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে বিজ্ঞাপনে নোবেলকে এখনো দেখা গেলেও নাটকে আপাতত আর দেখা যাচ্ছে না।
নতুন কাজ ও নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনফিনিটির সঙ্গে দুই দশকের বেশি সময় ধরে আমার কাজ করা। দীর্ঘ সময় কাজ করতে করতে তাদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে।’ অভিনয় নিয়ে আলাদা করে নোবেল বলেন, ‘আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম, অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো যে এটা ওভার ডো হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছি না। তাছাড়া এরই মধ্যে কিছু স্ক্রিপ্ট এসেছিলও। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলো না যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’
তবে দুই দশকেরও বেশি সময় ধরে তাকে মডেলিংয়ের পাশাপাশি নাটকে দেখেও দর্শক অভ্যস্ত। তারা নোবেলকে নাটকেও চান। আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল প্রথম ‘আজাদ বলপেন’-এর বিজ্ঞাপনের মডেল হন। তার অভিনীত প্রথম নাটক ছিল আতিকুল হক চৌধুরীর ‘প্রাচীর পেরিয়ে’।










