প্রতি বছরের মতো এবারো দেশের মানুষ মেতে ওঠে বর্ষবরণ উৎসবে। সারা দেশে বাংলা নতুন সনকে বরণে ছিল নানা আয়োজন। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে শুরু হয় বৈশাখবন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন।
বিশেষ এ দিনে পিছিয়ে ছিলেন না শোবিজ তারকারাও। বৈশাখ উদযাপনে তারাও মেতেছিলেন। নানা আয়োজনে বরণ করে নিয়েছেন বাংলা নতুন বছরকে।
কেউ কেউ সকালে বের হয়েছেন। কেউ দেশের নানা প্রান্তে কনসার্টে গান করেছেন। কেউবা ঘরে বসেই টেলিভিশনে দেখেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নতুন বছরকে বরণ করে নেয়ার মুহূর্তগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’
বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা— শুভ নববর্ষ।’
গত বছর ছেলে পুণ্যর সঙ্গে তোলা কিছু ছবি পুনরায় শেয়ার দিয়ে পরীমনি বৈশাখে দিয়েছেন নতুন বার্তা।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’ যেখানে আগের বছরের ছবিগুলোর ক্যাপশন ছিল, ‘আমাদের বৈশাখী সন্ধে বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার। শুকরিয়া।’
মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ নববর্ষ!’
রাফিয়াথ রশিদ মিথিলা লেখেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা... বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ... এসো... এসো। শুভ নববর্ষ ১৪৩২।’
আব্দুন নূর সজল তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।
বছরটা আপনাদের সবার সুন্দর কাটুক।’ একাধিক ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘বৈশাখ’।
মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, ‘নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!’
অভিনেত্রী ও মডেল নোভা ফিরোজ স্থায়ীভাবে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে বসেই পালন করলেন পহেলা বৈশাখ। ফেসবুকে তার নিজের ছবি দিয়ে জানিয়েছেন বৈশাখের শুভেচ্ছা।
এছাড়া দেশের নানা প্রান্তে তারকারা বাংলা নববর্ষকে পালন করছেন বর্ণিল আমেজে।










