ভক্তদের অপেক্ষার সমাপ্তি টেনে ঘোষণা করা হলো এমি অ্যাওয়ার্ডস। নিউইয়র্কে অনুষ্ঠিত জমকালো আয়োজনে সম্মানিত হয়েছে বিশ্বের সেরা টিভি শোগুলো। মনোনয়ন পাওয়া বিশ্বের ২১টি দেশ থেকে আসা প্রতিযোগীদের পদচারণায় মুখর ছিল এবারের আসর।

এ আসরে চমক দেখিয়েছে ‘ড্রপস অব গড’। সেরা ড্রামা হিসেবে পুরস্কার জিতেছে সিরিজটি। এছাড়া টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে ও আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন। ‘ডিভিশন প্যালারমো’ সেরা কমেডি সিরিজ হিসেবে ঝুলিতে তুলেছে পুরস্কার। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনি সিরিজের স্বীকৃতি।

ড্রপস অব গড একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানি মাঙ্গা অভিযোজন। ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কমান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা হলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো ও মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা। সেরা কমেডি ক্যাটাগরিতে আর্জেন্টিনার ডিভিশন প্যালারমো পুরস্কৃত হয়েছে। কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের নিয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে।

ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিংয়ের জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান ও অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন এবং প্রখ্যাত হলিউড শো ‘রানা’র ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।

‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছিল ঠিকই, তবে সেরার শিরোপা মাথায় ওঠেনি। গত বছর দুটি ভাগে স্ট্রিম করতে শুরু করে সিরিজটি। ব্রিটিশ টেলিভিশন সিরিজ়ের ভারতীয় রিমেক ছিল সেটি। ব্রিটিশ শোটির নামও ছিল ‘দ্য নাইট ম্যানেজার’। সাহিত্যিক জন লে ক্যারির লেখা এক উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এটি। ২০১৬ সালে ব্রিটিশ শো সম্প্রচার হয়। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছিল। পেয়েছিল দুটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসও। ভারতীয় সংস্করণটির পরিচালক সন্দীপ মোদি। ভারত, শ্রীলংকা ও মধ্যপ্রাচ্যের কিছু জায়গায় এর শুটিং হয়েছে। গত বছর ১৬ ফেব্রুয়ারি এক জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে স্ট্রিম করতে শুরু করে প্রথম সিজন। জুনে স্ট্রিম করে দ্বিতীয় ভাগটি। মুক্তির পর পরই দর্শকের বাহ্বা কুড়িয়েছে দ্য নাইট ম্যানেজার। সমালোচকরাও প্রশংসা করেছেন। এমি অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন অনিল কাপুর।

সূত্র: হলিউড রিপোর্টার