হলিউড বক্স অফিস ২০২৪ সালে পিছিয়ে পড়েছে। পুরো বছরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৮৭০ কোটি ডলার। ২০২৩ সালে আয়ের পরিমাণ ছিল ৯৪০ কোটি ডলার। এমনিতে কভিড-১৯ অতিমারীর পর থিয়েটার থেকে আয় কমেছে। ২০১৯ সালে হলিউড বক্স অফিসের আয় ছিল ১ হাজার ১৩০ কোটি ডলার। সে হিসাবে পাঁচ বছর পর আয় কমেছে ২৩ দশমিক ৫০ শতাংশ। ২০২৪-এর আয় নিয়ে চিন্তিত হওয়ার কারণ হলো অতিমারীর পর এ বছরে যেভাবে বক্স অফিসের ফেরার কথা ছিল তা হয়নি। বক্স অফিসের দুরবস্থার কারণ হিসেবে দেখা হচ্ছে ২০২৩ সালে হলিউডে সিনেমাসংশ্লিষ্টদের লাগাতার ধর্মঘট।
মুভি কনসাল্টিং ফার্ম ‘ফ্র্যাঞ্চাইজি এন্টারটেইনমেন্ট রিসার্চ’-এর প্রধান ডেভিড এ গ্রস বলেন, ‘২০২৪ সালের ছয় মাস বক্স অফিসের অবস্থা ভালো ছিল। গ্রীষ্ম আর বছরের শেষে নতুন সিনেমা এসেছে এবং বেশকিছু রেকর্ডও ভেঙেছে। কিন্তু শুরুর সাড়ে চার মাসের মতো সময় খুবই খারাপ গেছে। এছাড়া হেমন্তও ভালো যায়নি। মূলত ২০২৪ সালের এ সময়গুলো বক্স অফিসকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে।’

গত বছর ডিজনির ইনসাইড আউট সবচেয়ে সফল সিনেমার মধ্যে একটি ছিল। সিনেমাটি উত্তর আমেরিকায় ৬৫২ কোটি ডলার আয় করার পাশাপাশি বৈশ্বিক মোট ১৬৯ কোটি ডলার আয় করেছে। এদিকে ২০২৩ সালে মার্ভেল ও সুপারহিরো সিনেমার পড়তি দশা থাকলেও ২০২৪ সালে মার্ভেলের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ আয় করে ১৩৩ কোটি ডলার। মোয়ানা টু আয় করেছে ৯০ কোটি ডলার। ডেসপিকেবল মি ফোর আয় করেছে প্রায় ৯৭ কোটি ডলার। সিনেমার সাফল্য নিয়ে ডিজনির কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান বলেন, ‘আমরা নতুন বছর নিয়ে আরো বেশি আশাবাদী। আমাদের সিনেমা এরই মধ্যে ভালো গেছে। তাছাড়া নতুন বছরে আরো ভালো সিনেমার পরিকল্পনা আছে। আশা করছি, সিনেমাগুলো আশার থেকেও বেশি আয় করবে।’
গত বছর বক্স অফিসে ভালো করা সিনেমাগুলোর মধ্যে নয়টিই ছিল আগের কোনো সিনেমার সিকুয়াল। অর্থাৎ নতুন সিনেমা দর্শক সেভাবে গ্রহণ করছেন না। এছাড়া সিনেমাগুলো পরিবারের সঙ্গে দেখার মতো। এ নিয়ে গ্রস বলেন, ‘পরিবারের সঙ্গে উপভোগ করার মতো সিনেমাগুলোই এ বছর ভালো করেছে। নতুন আর মৌলিক গল্প খুব একটা গ্রহণ করেনি দর্শক, যদিও ২০২৩ সালে এগুলোই তারা পছন্দ করেছেন। তবে বেশকিছু ভালো গল্পের সিনেমা এসেছিল। সিনেমাগুলো দর্শককে যুক্ত করতে পারেনি বা দর্শক সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেননি।’
বক্স অফিসের এ অবস্থা দেখে নতুন করে চিন্তা করছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে টম ক্রুজের মিশন ইম্পসিবলের শেষ সিনেমার ঘোষণা এসেছে। পরিকল্পনা বদল করা হয়েছে সেখানেও। মার্ভেল তাদের নতুন পরিকল্পনা ধরে এগোচ্ছে। আসছে নতুন চরিত্র ও তাদের নিয়ে গল্প। ধারণা করা যাচ্ছে, ২০২৫ সাল নিরীক্ষায় কাটবে হলিউডের। আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতে চাইবে ইন্ডাস্ট্রি। সেটা কেমন করে করবে তা-ই দেখার পালা এবার।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










