সম্প্রতি একের পর এক গুলি চালানোর ঘটনায় আমেরিকায় নিহত হয় বহু মানুষ। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার সমালোচনা করেন পপ গায়িকা রিয়ান্না

গত শনিবার আমেরিকার এল পাসো, টেক্সাস ওয়ালমার্টে গোলাগুলিতে নিহত হয় ২০ জনের বেশি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘এল পাসোতে আজকের এ গোলাগুলি শুধু মর্মান্তিকই ছিল না বরং কাপুরুষোচিত আচরণও ছিল। এমন ঘৃণ্য কাজের নিন্দা জানাতে আমি এ দেশের সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এমন কোনো কারণ বা ব্যাখ্যা নেই, যা নিরপরাধ এ লোকদের হত্যার ন্যায্যতা প্রমাণ করে।

এল পাসোর পরই মূলত গিলরয়, টেক্সাস এবং ডেটন, ওহাইওতে এক সপ্তাহেরও কম সময়ে পর পর তিনটি গোলাবর্ষণের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিরপরাধ মানুষ মারা যায়। ওই ঘটনায় গত রোববার রিয়ান্না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের প্রতি ঘৃণা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন এ পপ তারকা। এ তারকার ইনস্টাগ্রামে রয়েছে ৭৪ মিলিয়নের বেশি অনুসারী। সন্ত্রাসবাদের বিষয়টি যে এতটা হালকা নয়, এটি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে পর পর দুটো সন্ত্রাস হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৩০ জনের বেশি নিহত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এভাবে মৃত্যু কারোই প্রাপ্য না।’

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি রিয়ান্না বন্দুক সংস্কারের বিষয়টি নিয়েও কথা বলেছেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিক্ততা এবারই তিনি প্রথমবারের মতো প্রকাশ করেছেন তা নয়। বরং এর আগেও বহুবার রিয়ান্না তার সমালোচনা করেছেন।

 

সূত্র: হাফপোস্ট