পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশগ্রহণ করেন তিনি। কনসার্টটিতে অংশ নিতে একদিন আগে ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছেছেন এ গায়ক।

কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ব্যান্ড কাকতাল ও আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নানও গান পরিবেশন করেন। আতিফ আসলামের গানে দর্শক ব্যাপক উচ্ছ্বসিত হয়। উপচে পড়া দর্শক উপস্থিতি ছিল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। মানুষে ছেয়ে যায় স্টেডিয়াম ও এর আশপাশ।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হয় বিকাল ৫টায়। বেলা ১টায় দর্শকের জন্য খুলে দেয়া হয় গেট।

কনসার্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভেন্যুতে পুলিশ সদস্যের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত থাকে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা প্রতিনিয়ত নজর রাখে। মোবাইল ফোন ব্যতীত কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ও ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেন তিনি।