গত ১৫ নভেম্বর মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পায়। যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ের পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে শাকিব খানের এ সিনেমা।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়ায় মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, প্রিয়তমা ও তুফান সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের সিনেমার চাহিদা তুঙ্গে।

এ দুই সিনেমার সাফল্যের পর এবার দরদ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি ও হেপি ট্রিপ ট্র্যাভেল অ্যান্ড ট্যুর। গত শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৬ ডিসেম্বর মালয়েশিয়ায় দরদ মুক্তি পেলেও ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে চলবে এ সিনেমা।

যেসব হলে সিনেমাটি দেখা যাবে সেগুলো হলো কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং,শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।

দরদ নিয়ে মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় প্রবাসীরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এজন্যই মালয়েশিয়ায় দরদ মুভি দেখার জন্য হলগুলোয় ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

অনন্য মামুনের পরিচালনায় দরদে শাকিব খান দুলু মিয়া চরিত্রে অভিনয় করেন। এতে তিনি ছাড়াও আছেন সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা প্রমুখ।