আট দিনব্যাপী শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৭তম আসর। যে উৎসবে বাংলাদেশী চলচ্চিত্র মাস্তুলের আন্তর্জাতিক প্রিমিয়ার হয় গতকাল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক দর্শকের সামনে উন্মুক্ত হয় চলচ্চিত্রটি!

এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৭ এপ্রিল, পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবটিতে প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র মাস্তুলের দুটি শোর একটি গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় প্রিমিয়ার হয়। অন্যটি আগামীকাল রাত ১১টায়!

এর আগে উৎসবে যোগ দিতে গত রোববার রাতে ঢাকা ছাড়েন মাস্তুল নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান, সিনেমার চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সিনেমাটির প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন।

মস্কোয় এ সিনেমার প্রিমিয়ার নিয়ে পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘মস্কোর মতো একটি ঐতিহাসিক আন্তর্জাতিক উৎসবে মাস্তুলের নির্বাচিত হওয়া শুধু আমাদের টিমের জন্য নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্যও গর্বের বিষয়।’

মাস্তুল একটি ভিন্নধর্মী ও মানবিক গল্পে নির্মিত ফিচার ফিল্ম, যেখানে কেন্দ্রীয় চরিত্রগুলো জাহাজে অবস্থানরত নাবিকদের জীবন ও তাদের ভাসমান বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়। প্রায় পুরো চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে একটি জাহাজের অভ্যন্তরে, যা একে আলাদা আবহ ও চিত্রভাষা প্রদান করেছে। সিনেমায় ফজলুর রহমান বাবু, দীপক সুমন ছাড়াও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ অনেকে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩৫ সালে। ১৯৫৯ সাল থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং ১৯৯৯ সাল থেকে এটি বার্ষিক উৎসবে রূপ নেয়।