প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অর্থহীন। তাদের ২৬ বছরের সংগীত সফরে এটাই একক কনসার্ট। একক কনসার্টের সিরিজ করতে যাচ্ছে রক ঘরানার ব্যান্ডটি। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে এ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এ আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। আগামীকাল বিকাল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।
নির্দিষ্ট দামের টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারবেন।
জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিকভাবে এ আয়োজন হবে। ঢাকার বাইরে এবং পুনরায় এ সিরিজের বাকি কনসার্টগুলোর ঘোষণাও নির্দিষ্ট সময়ে দেয়া হবে বলে জানান অর্থহীন ব্যান্ডের শিল্পী ও বেজবাবাখ্যাত গিটারিস্ট সুমন।
এদিকে কনসার্ট ঘিরে ভক্ত-শ্রোতাদের উন্মাদনা চোখে পড়ার মতোই। ২৫ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে অর্থহীনের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে কনসার্টের বিশেষ ক্যাটাগরি টিকিট ‘আর্লি বার্ড’ সোল্ড আউট হয়ে গেছে। এখন রেগুলার টিকিট কিনতে হবে। সেই পোস্টে অনুরাগীদের মন্তব্য দেখে বোঝা যাচ্ছে, বেজবাবাদের এককভাবে মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।










