নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় প্রথম অভিনয় করলেও তার প্রকৃত পরিচয় পাওয়া যায় ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এর পর থেকে পপি আর পেছনে তাকাননি। তার অভিনয়জীবন নব্বইয়ের দশক থেকে শুরু হয়ে একটানা চলেছে। ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের সিনেমার শুটিং করেন, এরপর একসময় পুরোপুরি আড়ালে চলে যান।

কিন্তু এবার সুখবর, পপি আবার বড় পর্দায় ফিরছেন। তবে এবার অভিনয় নয়, প্রযোজক হিসেবে।

পপি বলেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব। সিদ্ধান্ত নিয়েছি সিনেমা প্রযোজনা করব। যদিও আগেও এটি করেছি, এখন মনে হয় ভালো গল্পের সিনেমার সঙ্গে যুক্ত থাকলে বেশি আনন্দ পাব।’

আসলে পপি অভিনয়ের পাশাপাশি একসময় সিনেমা প্রযোজনা করেছেন। তার প্রযোজিত একটি সিনেমা পরিচালনা করেছিলেন মনোয়ার খোকন। যদিও সে সিনেমার প্রযোজনায় ২০ লাখ টাকার লোকসান গুনতে হয়েছিল, পপি আরো বলেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেয়া। অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার প্রতি আমার আগ্রহটা বেশি ছিল। ‘‘কিডন্যাপ’’ ছাড়া ‘‘জীবন মানেই যুদ্ধ’’সহ আরো দুটি সিনেমা প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।’