ধানুশ অভিনীত সিনেমা ‘রানঝানা’। পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এ সিনেমায় কুন্দন চরিত্রে অভিনয় করেন ধানুশ। তার বিপরীতে জয়া চরিত্রে অভিনয় করেছিলেন সোনম কাপুর। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি আবারো মুক্তি দেয়া হয়েছে থিয়েটারে। বলিউডে এখন পুরনো অনেক সিনেমাই পুনরায় বড় পর্দায় মুক্তি দেয়া হচ্ছে। সে ধারায়ই পড়েছে রানঝানা। দর্শকও সিনেমাটি নিয়ে আগ্রহী। তবে ঘটেছে একটি অপ্রীতিকর ঘটনা। সিনেমায় যুক্ত করা হয়েছে একটি নতুন ক্লাইম্যাক্স। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি এ ক্লাইম্যাক্স নিয়ে নাখোশ ধানুশ ও আনন্দ এল রাই। তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এআই ব্যবহার করে এ নতুন ক্লাইম্যাক্স তৈরি করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এরস ইন্টারন্যাশনাল। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। মানুষ কথা বলছেন সিনেমার নীতি নিয়ে। তার চেয়ে বড় কথা, এ সমাপ্তি তৈরির ক্ষেত্রে নাম চরিত্রের অভিনেতা তো দূর, পরিচালকের অনুমতিও নেয়নি এরস। সে কারণেই ধানুশ ও রাইয়ের ক্ষোভ। ধানুশ বলছেন, ‘এটা আমার সিনেমা নয়।’

নিজের এক্স হ্যান্ডলে ধানুশ লিখেছেন, ‘এআই দিয়ে তৈরি করা ক্লাইম্যাক্স নিয়ে রানঝানার পুনরায় মুক্তির বিষয়টি আমাকে বিব্রত করেছে। এ বিকল্প সমাপ্তির মাধ্যমে সিনেমাটিকে তার মূল জায়গা থেকে সরিয়ে নিয়েছে। আমার স্পষ্ট আপত্তির পরও তারা কাজটি করেছেন। ১২ বছর আগে তো এ সিনেমায় আমি কাজ করিনি। এটা আমার সিনেমা নয়।’

ধানুশ এরপর বিষয়টিকে সিনেমার নীতি ও মৌলিকতার বিষয়ে নিয়ে আসেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সিনেমার মৌলিকতা থেকে সরে আসার বিষয়টি নিয়ে চিন্তা করার সময় এসেছে। এটি সিনেমার মৌলিকতার বিরুদ্ধে একটি হুমকি। আমি আশা করব, বিষয়টি নিয়ে স্পষ্ট নীতি তৈরি হবে এবং সিনেমার মৌলিকত্ব রক্ষা করা হবে।’

সিনেমার মূল সমাপ্তিতে রক্তাক্ত কুন্দনকে হাসপাতালের বিছানায় দেখা গিয়েছিল এবং জয়া তার নিষ্প্রাণ মুখে হাত বুলিয়ে দিচ্ছিল। কিন্তু নতুন সমাপ্তিকে দেখা যায় কুন্দন চোখ মেলে তাকায় এবং সেখানে উচ্চ মাত্রার বিট দিয়ে আবহ সংগীত ব্যবহার করা হয়েছে। সিনেমা চলাকালীন দর্শকই এ নতুন সমাপ্তিকে বর্জন করেছেন। তারা একে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তারা মূল সিনেমার নস্টালজিয়াই পছন্দ করেন।

বিষয়টি নিয়ে পরিচালক আনন্দ এল রাইও নিজের হতাশা প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে এ পরিবর্তনের বিষয়ে তার সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি। সে কারণে আনন্দ এল রাই ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টিকে এরস ‘সিনেমাটিক ইনোভেশন’ হিসেবে দেখলেও পরিচালক কিংবা অভিনেতা বিষয়টিকে ভালোভাবে নেননি তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এখন অবধি এরসের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি।

সূত্র: বলিউড হাঙ্গামা