নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। সিনেমাটি নির্মাণ হয়েছে একটি যৌনপল্লী উচ্ছেদের সত্য ঘটনা অবলম্বনে। প্রায় দুই বছর আগে সিনেমাটি নির্মিত হলেও এবার দুর্গাপূজায় এটি মু্ক্তি পেতে যাচ্ছে।

বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাশিদ পলাশ নিজেই। তিনি বলেন, ‘রঙবাজার মুক্তির জন্য একটা সুবিধাজনক সময়ের অপেক্ষায় ছিলাম বহুদিন ধরেই। দীর্ঘদিন পরে প্রযোজক সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।’

দুর্গাপূজায় রঙবাজার মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। মুক্তির জন্য এ সিনেমা অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। সিনেমাটি সব বয়সীর জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণীকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এ উৎসবেই আমার ‘পদ্মপুরাণ’ মুক্তি পেয়েছিল। আশা করছি এবারো দর্শকের ভালোবাসা পাব।’

সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, রঙবাজার এমন একটি ছবি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজের একদল মানুষ, যাদের আমরা প্রায়ই আড়ালে রেখে দিই—পতিতালয়বাসী নারী ও পুরুষরা। এ সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য গড়ে উঠেছে এক অদ্ভুত বাস্তবতা থেকে, যা সাধারণত পর্দায় দেখা যায় না। আমরা এমন এক গল্প তুলে এনেছি, যা অস্বস্তিকর হতে পারে, আবার তীব্র মানবিকও। এ গল্পে রয়েছে অসম ভালোবাসা, বেঁচে থাকার লড়াই আর সমাজের মুখোশ খুলে দেয়ার সাহস।

আমার বিশ্বাস, এ পূজায় রঙবাজার শুধু একটা সিনেমা নয়, এটা এক নতুন অভিজ্ঞতা হবে দর্শকের জন্য। যে দর্শক ভিন্ন স্বাদের গল্প খোঁজে, নতুন কিছু দেখার জন্য মুখিয়ে থাকে, রঙবাজার তাদের হতাশ করবে না।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিনসহ আরো অনেকে।