প্রযোজনায় নিজেকে সম্পৃক্ত করলেন এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনব বুবলী। ‘বিগ প্রডাকশনস’ নামে তার নিজস্ব নতুন প্রযোজনা সংস্থার কথা জানিয়েছেন তিনি। তবে এ প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে কোনো প্রডাকশনের যাত্রা শুরু করবেন। বুবলী নিশ্চিত করেছেন আগামী ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নাটক প্রচারে আসবে। অর্থাৎ নাটক নির্মাণের মধ্য দিয়েই তার বিগ প্রডাকশনসের যাত্রা শুরু হতে যাচ্ছে। বুবলী জানান, কে নাটক নির্মাণ করবেন আর কারা সে নাটকে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। তবে শিগগিরই তা চূড়ান্ত করে শুটিং শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ হবে। বুবলী জানান, আগামী বছর তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে। চলতি বছরের পুরোটা সময় তিনি গল্প, পরিচালক ও শিল্পী নির্বাচনসহ পুরো সিনেমার যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করবেন। সেই সঙ্গে যেন আগামী বছরের শুরুতেই বিগ প্রডাকশনসের প্রথম সিনেমা দর্শক দেখতে পান সে চেষ্টাটাও থাকবে তার। ২০২৫ সালজুড়েই তার একের পর এক সিনেমা মুক্তি পাবে। আবার এ বছরই শুরু হলো তার প্রযোজনা সংস্থার যাত্রা। যে কারণে এ সাল তার জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বছর। তার ভাষ্যমতে, বছরটি তার চলচ্চিত্র জীবনের একটি চ্যালেঞ্জিং বছর।

শবনম বুবলী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার পেশাগত ব্যস্ততার মধ্যে থেকেই বিগ প্রডাকশনের যাত্রা শুরু করতে পেরেছি, এটিই আপাতত আমার কাছে গুরুত্বপূর্ণ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যে টিম নিয়ে আমি কাজ শুরু করতে যাচ্ছি, তাদের প্রত্যেকেরই স্বপ্ন অনেক বড়, আমারও ঠিক তাই।

তিনি প্রডাকশন নিয়ে বলেন, ‘বিগ প্রডাকশনকে একটি দৃষ্টান্তমূলক স্থানে নিয়ে যেতে চাই, যেন আগামীতে এ প্রতিষ্ঠান অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে থাকে। একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি যেমন শতভাগ মনোযোগী, ঠিক তেমনই হবে আমার প্রযোজনাও। ইনশাআল্লাহ, দৃষ্টান্তমূলক কাজই আমরা দর্শকের জন্য নির্মাণ করব।’