ভিজুয়াল ইফেক্ট নিয়ে কাজ করা শিল্পীদের জন্য দুঃসংবাদ বটে। বহুজাতিক প্রতিষ্ঠান এমপিসি শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। এমপিসির মূল প্রতিষ্ঠান টেকনিকালার এর মধ্যেই গ্রাহক ও কর্মচারীদের সতর্ক করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভিএফএক্স যে মুহূর্তে দাপিয়ে বেড়ানোর কথা, সে সময়ে এমন সফল প্রতিষ্ঠানের প্রস্থান বড় পরিসরে প্রভাব ফেলবে হলিউডে। প্রভাব পড়বে হাজার হাজার ভিজুয়াল ইফেক্টস কর্মীর জীবনে।
টেকনিকালার এর মধ্যে যুক্তরাষ্ট্রের মার্কিন কর্মীদের নোটিস পাঠানো শুরু করেছে। বিনোদন গণমাধ্যম ভ্যারাইটির হাতে আসা নোটিসে দাবি করা হয়েছে, ‘টেকনিকালার গুরুতর আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। পুনর্গঠন উদ্যোগ, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা ও অধিগ্রহণের সুযোগ অনুসন্ধানের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কোনো কার্যকর সমাধান খুঁজে পেতে সক্ষম হইনি। দুর্ভাগ্যবশত, এটি আমাদের একমাত্র বিকল্পে পৌঁছতে বাধ্য করেছে যে কোম্পানিটি বন্ধ হয়ে যেতে পারে।’
প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান টেকনিকালার। এর অধীনে রয়েছে এমপিসি, বাণিজ্যিক ভিএফএক্স কোম্পানি দ্য মিল, মাইক্রোস অ্যানিমেশন ও টেকনিকালার গেমস। তারা এ সপ্তাহে একাধিক আলোচনা করছে, যাতে কোম্পানিটির পূর্ণ বা আংশিক অধিগ্রহণের জন্য চুক্তি করা যেতে পারে বা অন্যভাবে কার্যক্রম চালু রাখা যায়। প্রতিষ্ঠানটি ডিজনির চলচ্চিত্র ‘মুফাসা: দ্য লায়ন কিং’, ‘দ্য জঙ্গল বুক’ ও ‘দ্য লায়ন কিং’-এর মতো ব্যবসাসফল সিনেমার পেছনে কাজ করেছে। আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডিজনির ‘স্নো হোয়াইট’ ও ‘লিলো অ্যান্ড স্টিচ’। পাশাপাশি প্যারামাউন্টের ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ও আসার কথা। অন্যদিকে মাইক্রোসের কাজের মধ্যে রয়েছে ‘প্যারামাউন্ট’ ও নিকেলোডিয়নের আসন্ন টিনএজ মিউট্যান্ট ‘নিনজা টারটলস’। যদি টেকনিকালার বন্ধ হয়ে যায়, তবে বর্তমান কাজগুলো কীভাবে শেষ করা হবে, তা স্পষ্ট নয়।
এমপিসি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ভারতসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালায়। রয়েছে হাজার হাজার শিল্পী। এটি ১৯৭০ সালে লন্ডনের সোহো অঞ্চলে দ্য মুভিং পিকচার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ‘হ্যারি পটার’ চলচ্চিত্রের সময় ফিচারে কাজ শুরু করে। তারপর আর পেছনে তাকাতে হয়নি। তবে সাম্প্রতিক সংকটের মূল কারণ প্রতিষ্ঠানটির গত কয়েক বছরের আর্থিক চ্যালেঞ্জ।
শত বছর বয়সী ব্র্যান্ড টেকনিকালার। গত কয়েক বছরে একাধিক পুনর্গঠন ও ব্যবস্থাপনা পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটির বর্তমান সংকট মূলত ভিজুয়াল ইফেক্টস শিল্পীদের জন্যই গভীর সংকট। কারণ টেকনিকালার ও এমপিসি যেভাবে বন্ধ হওয়ার পথে চলে যাচ্ছে, তাতে হাজার হাজার কর্মচারী ও শিল্পী সরাসরি প্রভাবিত হবে।
সূত্র: ভ্যারাইটি










