বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দিনকাল ভালো যাচ্ছে। কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। সিনেমাটি এরই মধ্যে বক্স অফিসে আয় করেছে ৩৫০ কোটি রুপির বেশি। এর আগে ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া টু’। সিনেমাটি আয় করেছিল ২৭০ কোটি রুপি। কার্তিকের ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তি পাওয়া ১৯টি সিনেমার মধ্যে ভুল ভুলাইয়া থেকেই আয় হয়েছে সবচেয়ে বেশি। তার সিনেমাগুলোর মোট আয়ের ৪৪ শতাংশ এসেছে এ দুই সিনেমা থেকে।
ভুল ভুলাইয়া মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ৩২ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি আয় করে প্রায় ৮৩ কোটি রুপি। সময়ের হিসাবে এটা অনেক। পাশাপাশি বলিউডের হরর-কমেডিকে কাল্ট ক্ল্যাসিক হয়ে উঠেছে সিনেমাটি। ২০২২ সালে এসে অক্ষয় কুমারের জায়গায় নতুন কোনো নায়কের খোঁজে থাকা বলিউড কার্তিককে এ সুযোগ দেয়। আনিস বাজমি পরিচালিত সিনেমাটি ৭০ কোটি রুপিতে নির্মাণ হয়। আয় করে এর প্রায় চার গুণ। এরপর এ বছর নির্মিত ভুল ভুলাইয়া থ্রির নির্মাণ খরচের (১৫০ কোটি রুপি) দ্বিগুণের বেশি আয় করেছে।
এখন পর্যন্ত সিনেমার অবস্থা থেকে ধারণা করা হচ্ছে ভারতের বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া টু’র মোট আয় হবে ২৭৫ কোটি রুপি। কার্তিক এখন পর্যন্ত ১৪টি সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন, যার মোট আয় ১ হাজার ৫০ কোটি রুপি। ভুল ভুলাইয়া টু ও থ্রি মিলে আয় হয়েছে ৪৬২ কোটি রুপি। এ আয় তার সিনেমার মোট আয়ের ৪৪ শতাংশ।
ভুল ভুলাইয়া থ্রির সাফল্য নিয়ে বলিউড বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘এখন একটা সিনেমা মুক্তি পাওয়ার পর সব আসলে নির্ভর করে সংখ্যার ওপর। প্রতিদিনই ভুল ভুলাইয়া থ্রির গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে। সিংহামের মতো বড় বাজেট ও সম্ভাবনার সিনেমার সঙ্গে মুক্তি পাওয়ার পরও এটি ২৫০ কোটি ছাড়িয়েছে, যা একটা বড় ব্যাপার। কার্তিকের ক্যারিয়ারেও এ সিনেমা মাইলফলক হয়ে থাকবে।’
কার্তিক আড়িয়ান অভিনয় শুরু করেন ২০১১ সালে। অর্থাৎ এক যুগ পার করেছেন ক্যারিয়ারে। এর মধ্যে ভুল ভুলাইয়াই একমাত্র ব্লকবাস্টারের তকমা পেয়েছে। তিনি অভিনয় করেছেন কবির খানের মতো গুণী পরিচালকের সঙ্গেও। কিন্তু চান্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ইমতিয়াজ আলীর পরিচালনায় ‘লাভ আজ কাল’-এর সিকুয়ালেও অভিনয় করেছেন, কিন্তু সিনেমাটি ফ্লপ করেছে। দর্শক গ্রহণ করেছে ভুল ভুলাইয়া।
ভারতের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন ২০২৪ সালে ভুল ভুলাইয়া থ্রির সাফল্য কার্তিকের ক্যারিয়ারকে বদলে দেবে। এরপর তিনি যে ধারার সিনেমায়ই অভিনয় করেন না কেন, তা দর্শক আগের চেয়ে বেশি গ্রহণ করবে।
সূত্র: বলিউড হাঙ্গামা










