জন লেনন নতুন একটি ব্যান্ড গড়ে তোলার কাজ করছিলেন। আট পাতার এ চিঠিতে তিনি সে নতুন ব্যান্ডে এরিককে যোগ দেয়ার অনুরোধ করেছেন। শিগগিরই এ চিঠি নিলামঘরের হাতুড়ির নিচে উঠতে যাচ্ছে। চিঠিতে যে তারিখ উল্লেখ আছে, সেটি ২৯ সেপ্টেম্বর ১৯৭১। আট পাতার এ চিঠি খসড়া, সে বছর এর চূড়ান্ত কপিটি লেনন এরিককে পাঠিয়েছিলেন।

ইন্টারন্যাশনাল অটোগ্রাফ অকশনস ইউরোপ এসএল লেননের চিঠিটি নিলামে তুলবে ৫ ডিসেম্বর। তাদের অনুমান, এটি এক-দেড় লাখ মার্কিন ডলারে বিক্রি হবে। অর্থাৎ বাংলাদেশী টাকায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা। নিলামের ডাকের জন্য রেজিস্ট্রেশনও চালু করা হয়েছে।

লেননের চিঠির বিষয়বস্তু বিশ্বের রক মিউজিকের ইতিহাসের একটি কৌতূহলোদ্দীপক অধ্যায়। নতুন ব্যান্ড গঠনের জন্য তিনি যুক্ত করতে চাইছিলেন এরিক ক্লাপটনকে। ‘এক্ষণে হয়তো তুমি বুঝতে পেরেছ ইয়োকো ও আমি তোমার ও তোমার সংগীত সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করি’—এভাবেই শুরু হয়েছে লেননের চিঠি। এরপর ধীরে ধীরে লেনন সে সময় ক্লাপটনের জীবনের অন্ধকার দিকগুলো নিয়েও কথা বলেছেন। সে সময় এরিক হেরোইন আসক্ত ছিলেন এবং জনসম্মুখে খুব একটা বের হতেন না। লেনন তাকে এ পরিস্থিতি থেকে বের করে আনতে চাইছিলেন, ‘‌এরিক আমি নিশ্চিত যে তোমার থেকে দারুণ কিছু বের করে আনতে পারব। তোমার এতদিনের সংগীত সে আভাসই দেয়। আমি আমাদের সবার মধ্য থেকেই দারুণ কিছু বের করে আনার আশা করি, এটা সম্ভব যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি।’

এরিকের মানসিক অবস্থাকে মাথায় রেখে লেনন বেশ আন্তরিকতায় তাকে কাছে টেনে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এ চিঠিতে। ‘‍একটুও ভয় পেয়ো না। তোমার মানসিক অবস্থা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার মনে হয়, যারা তোমাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে তাদের সঙ্গে কাজ করাটা তোমার জন্য ভালো হবে। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’ অবশ্য শেষমেশ এরিক লেননের এ নতুন ব্যান্ডে যোগ দেয়ার প্রস্তাবে রাজি হননি।

জন লেননের এ চিঠিতে অনেক সংশোধনী ও সম্পাদনা দেখা যায়। তবে চিঠির চূড়ান্ত সংস্করণটি এখনো পাওয়া যায়নি।

সূত্র: বিলবোর্ড