সময়, মানুষ আর সম্পর্ক এই তিনের ভেতর দিয়েই নিজের গল্প বলতে চান নির্মাতা জাহিদ প্রিতম। পরিকল্পনার চেয়ে অনুভবকে বেশি গুরুত্ব দেন তিনি। দর্শককে সারপ্রাইজ দিতে ভালোবাসেন, আবার নিজের ভেতরের বিশ্বাস ও আদর্শকে সামনে রেখেই হাঁটতে চান। নতুন বছরকে ঘিরে তার ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন বণিক বার্তার সঙ্গে। শুনেছেন অহিদুর রহমান...

ভালো গল্পের অপেক্ষা

আমি কখনই পরিকল্পনা নিয়ে কাজ করি না। আমি মূলত অপেক্ষা করি। অপেক্ষাটা ভালো গল্পের, যা সময়কে প্রতিফলিত করবে আমার ক্যানভাসের মাধ্যমে। সময়ই বলে দেয় আমি কখন কী গল্প বলতে চাই। যেহেতু নিজের গল্প নিজেই বলতে চাই, তাই এমনভাবেই আমাকে কাজ করতে হয়। প্লাটফর্মগুলো কাজ চায়, যোগাযোগ করে। আমি বাছাই করি কাকে আমার গল্পটা দেব, কোন প্লাটফর্মে যাবে আমার প্রিয় গল্পটা।

দর্শকের জন্য সারপ্রাইজ

এ বছর অবশ্যই আমার নতুন কাজ আসবে। আমি তো আমার দর্শকের জন্যই কাজ করি। তাদের নিয়েই সবসময় ভাবি। আমার গল্পগুলো তাদের উৎসব করার সুযোগ করে দেয়, এটা আমার বিশ্বাস। তাই তাদের জন্য সবসময়ই চাই সারপ্রাইজ নিয়ে হাজির হতে।

সম্পর্কের ভেতরের রাজনীতি

গত বছরের অনেক অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ভাবিয়েছে। আমি বুঝতে পেরেছি, জীবনটা রাজনৈতিক। রাজনীতি আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। মূলত সম্পর্কের মাঝেও যে রাজনীতি আছে, সে অভিজ্ঞতাকে গল্পে আনতে চাই। এমন কিছু গল্প বলতে চাই, যেখানে মানুষের মাঝের সমীকরণ আর রাজনীতি উঠে আসে। দেখা যাক।

ভালো গল্পের প্রয়োজন

ইন্ডাস্ট্রিতে ভালো গল্প বলার নির্মাতার অভাব মনে হচ্ছে। আমরা খুব বেশি কনফিউজড। অনেক কিছু না ভেবে আমার মনে হয়, আমাদের জীবন ও আদর্শের গল্পগুলো বেশি বেশি বলা প্রয়োজন। সম্পর্কের গল্পগুলো বলা প্রয়োজন, যেটা এ অস্থির প্রজন্মে শান্তির বার্তা এনে দিতে পারে।

মানুষ হয়ে থাকার প্রত্যাশা

শুধু এ বছর নয়, আমি প্রতিদিনই মানুষ হতে চাই। মেরুদণ্ডী প্রাণী হতে চাই। ন্যায়, ইনসাফ আর মজলুমের দলে থাকতে চাই। দৃঢ়ভাবে বিশ্বাস করি, মজলুমের দলে মানুষ থাকে, জালিমের দলে থাকে শয়তান। আমি মানুষের পক্ষে থাকতে চাই, মানুষের জীবনে আশীর্বাদ হতে চাই। আমি একজন বিশুদ্ধ মানুষই হতে চাই।

ভালোবাসায় বেঁচে থাকুক পৃথিবী

আমার দর্শক শুভানুধ্যায়ীদের বলব ধৈর্য ধরুন। শান্ত হোন। নিজের রুচির যত্ন নিন। প্রিয়জনদের আগলে রাখুন। বাবা-মা ও গুরুজনদের সম্মান করুন। বিশ্বাস করুন, পৃথিবী সব ফিরিয়ে দেয়। আপনি কোনো অন্যায় করে পার পাবেন না। পৃথিবী সব ফিরিয়ে দেয় ১০ গুণ করে। তাই ভালোবাসা আর স্নেহ দিন পৃথিবী ও তার মানুষের জন্য। পৃথিবী আপনাকে শান্তি ফিরিয়ে দেবে ১০ গুণ। ভালোবাসায় বেঁচে থাকুক প্রতিটা প্রাণ, এটাই প্রার্থনা।