চলতি অর্থবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে। অথচ এ দুই মাসের রাজস্ব সংগ্রহের সাময়িক তথ্য এখনো ওয়েবসাইটে প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যকে (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।

এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এখন থেকে প্রতি মাস শেষে পরের মাসের ১৫ তারিখের মধ্যে রাজস্ব সংগ্রহের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিন্তু প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়েবসাইট ঘেঁটে রাজস্ব সংগ্রহের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কোনো বিবরণী পাওয়া যায়নি। সর্বশেষ ডিসেম্বর মাসের বিবরণী পাওয়া গেছে।

এছাড়া এনবিআরের ওয়েবসাইটে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের পর আর কোনো বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অথচ এরপর দুটি অর্থবছর শেষ হয়ে গেছে।

এ বিষয়ে সোমবার এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, প্রেসে রয়েছে, শিগগির ছাপা হয়ে যাবে।

ওই দিনের মতবিনিময় সভায় সাংবাদিকরা তথ্য-উপাত্ত প্রাপ্তির বিষয়ে অভিযোগ জানান। তখন চেয়ারম্যান নিজেও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত না হলে তো সাংবাদিকরা বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করতে অসুবিধায় পড়েন। নতুন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিতে পারেন না। গবেষকরা গবেষণা করতে অসুবিধায় পড়েন। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেবো।

এদিকে মঙ্গলবার প্রাক-বাজেট আলোচনায় তিনি কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের তথ্য ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সদস্যকে নির্দেশনা দেন। একই সঙ্গে তথ্য সংকটে সাংবাদিকদের বিভিন্ন সময় সহযোগিতা করতে না পারার বিষয়টিও তিনি স্বীকার করেন।