বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-৩-এর স্বতঃপ্রণোদিত নির্দেশ মেনে থানচি উপজেলা চেয়ারম্যানের প্রকাশ্যে পাহাড় কাটা মামলার প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন থানচি থানার ওসি। এর আগে ৭ সেপ্টেম্বর পাহাড় কাটা বিষয়ে প্রতিবেদন দাখিল করতে থানচি থানার ওসিকে নির্দেশ দেন আদালত। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-৩-এর পেশকার আশিক ইকবাল চঞ্চল। তিনি বণিক বার্তাকে বলেন, গতকাল দুপুরে দাখিল করা থানচি থানার ওসির প্রতিবেদনটি আদালতে নথিভুক্ত হয়েছে।

আদালত সূত্র জানায়, বান্দরবানের থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রকাশ্যে পাহাড় কাটার ঘটনা এ মাসের প্রথম সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ৭ সেপ্টেম্বর পাহাড় কাটা বিষয়ে প্রতিবেদন দাখিল করতে থানচি থানার ওসিকে আদেশ দেন আদালত। বুধবার এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন থানচি থানার ওসি সুদ্বীপ রায়।

প্রতিবেদনে বলা হয়, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা আগস্টের তারিখ হতে সপ্তাহখানেক শ্রমিক দিয়ে তার ক্রয়কৃত ১২ শতক জমির অর্ধেক অংশের পাহাড় কাটেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে ডাম্পার ট্রাকযোগে অন্যত্র নিয়ে যান।