দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে মুন্সিগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে নিহত হয়েছেন ১৫ জন। এছাড়া গোপালগঞ্জে দুজনসহ সাতক্ষীরা ও ঝিনাইদহ আরো চারজন প্রাণ হারিয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: জেলার গজারিয়ায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক মো. মুন্না (৩০) ও আরোহী মো. মেহেদী হাসান (২৯)। তারা দুজনই চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের বাসিন্দা।
ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই শিশির জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। দুই বাসের চাপায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। মরদেহ থানায় রাখা হয়েছে।
অন্যদিকে শ্রীনগরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের ব্যাপারী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা: তেলবাহী লরিচাপায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ইজিবাইক চালক ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার নুর মোহাম্মদ ঘটকের ছেলে আরিফ (৩৫)। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের নওদাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন এবং থানার সামনে পাখি ভ্যান থেকে পড়ে আরেকজন নিহত হন।
নিহতরা হলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩), চেয়ারম্যানের মুরগি খামারের কর্মী পলাশ (৩৫) এবং কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে শপিং শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন রিয়াদ ও পলাশ। পথে নওদাপাড়া এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ। গুরুতর আহত পলাশকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
একই রাতে আলমডাঙ্গা থানা ভবনের সামনে ব্যাটারিচালিত পাখি ভ্যান থেকে পড়ে হান্নান হোসেন (৪৭) নামে একজন নিহত হন। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।
পাবনা: জেলার সাঁথিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।
কক্সবাজার: চকরিয়ায় বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফের হোয়াইক্যং এলাকার মোহাম্মদ ফারুক ও নোয়াখালীর সুধারাম এলাকার শেখ এনাম।
চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।
অন্যদিকে সড়কে অপেক্ষমাণ একটি ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লেগে আবদুল মান্নান নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী, সন্তান ও অটোরিকশার চালক। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান পেকুয়া উপজেলার উজানটিয়া এএস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
গোপালগঞ্জ: যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও হেলপার ইয়াসিন মোল্লা (১৮)। তাদের মধ্যে আফরান ফকিরের বাড়ি খুলনা এবং ইয়াসিনের বাড়ি গোপালগঞ্জে।
কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারাভর্তি ট্রাক নিয়ে গোপালগঞ্জে এসেছিলেন আফরান ফকির ও ইয়াসিন মোল্লা। ফেরার পথে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় তাদের ট্রাকসহ আরো একটি বিকল হয়ে পড়ে। আফরান ফকির ও ইয়াসিন ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ একটি বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আফরান। আহত ইয়াসিন মোল্লা ও অন্য ট্রাকচালককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা: পিকআপের নিচে চাপা পড়ে সুলতান আলী (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উদয় ঢালী নামে আরেক জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা পিকআপটি আটক করেছে। সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের ফজর আলীর ছেলে। আহত উদয় ঢালী একই উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মোখলেসুর রহমান জানান, সুলতান আলী একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দহাকুলার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় সুলতান আলী পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত উদয় ঢালীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ: পিকআপ ভ্যানের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মণ্ডলের মেয়ে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ আসছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজারসংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










