ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেটা দেশটির সরকারের বিবেচনাধীন বিষয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।
ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখপাত্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।’
শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন, সেটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।’
ভারতের সঙ্গে সকল চুক্তি পর্যালোচনার দাবির বিষয়ে রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলো যদি কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনার প্রয়োজন মনে করে, তবে তারা সে বিষয়টি উত্থাপন করতে পারে।’
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন।’










