গত রোববার চেন্নাইয়ে অনুষ্ঠিত ১৭তম আইপিএল ফাইনালে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের অংশ ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। এছাড়া আইপিএলে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। এ ছয়জনই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের অংশ এবং তাদের প্রত্যেককে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে গতকাল ভোরে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথম ওয়ার্মআপ ম্যাচে একাদশ গঠন করার মতো খেলোয়াড়ই পায়নি অজিরা। তাদের হাতে ছিল মাত্র ৯ জন খেলোয়াড়। বাধ্য হয়ে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যদের নিয়েই একাদশ গঠন করে অজিরা। এ ম্যাচেও তারা দাপটে হারিয়েছে নামিবিয়াকে। ওয়ার্মআপ ম্যাচটি জিতলেও তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হলো ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
অস্ট্রেলিয়ার একাদশে ও বদলি হিসেবে খেলেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সহকারী কোচ ব্র্যাড হজ ও আন্দ্রে বোরোভেচ এবং প্রধান নির্বাচক জর্জ বেইলি। নামিবিয়া আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৯ রান তুলতে সমর্থ হয়। অভিজ্ঞ পেসার জস হ্যাজেলউড দারুণ বোলিংয়ে ৪ ওভারে ৫ রান দিয়ে নেন দুটি উইকেট।










