মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৩ জন আর উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।
রোববার(৮ আগস্ট) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও ) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএমও জানান, জেলা ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩২৮জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ১৪৭ জনের মধ্যে ৭৯ পুরুষ ও ৬৮ জন নারী এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ১৮১ জন ভর্তি রোগীর মধ্যে ৮২ জন পুরুষ ও ৯৯ জন নারী রয়েছেন।
এদিকে, সিভিল সার্জন ডা. মো: আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭০টি নমুনার প্রাপ্ত ফলাফলে ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ১৫৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬৪ জন, সাটুরিয়ায় ২৮ জন, ঘিওরে ২৯ জন, দৌলতপুরে ৯ জন, শিবালয়ে ১০ ও হরিরামপুর উপজেলায় ১৩ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৩ জনে। এদের মধ্যে ৩ হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিচ্ছেন।









