জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, পরিচালকরা, বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের নেতারা এবং বিমান কর্মচারীরা।

অনুষ্ঠানে বিমানের উন্নতি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বলাকা লবিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এদিন ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করে যাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।