রাজশাহীতে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় নেত্রকোনা, বরিশাল ও বাগেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রাজশাহী: পবায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আসিফ ইকবাল (১৯), সুইট (৩১) ও তাজুল ইসলাম (২৫)। এদের মধ্যে আসিফ দামকুড়া উপজেলার নতুন কশবার লাল মোহাম্মদের ছেলে, সুইট সূত্রাবনের আলমগীরের ছেলে ও তাজুল ইসলাম তাজুল লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীর মো. জহুরুল ইসলামের ছেলে।

দামকুড়া থানার এসআই আলী আকবর বলেন, ‘বিকালে উপজেলার মুরাদীপুরে বালিবাহী একটি ডাম্প ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় পাঁচ আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজন মারা যান। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোনা: মদনে ইজিবাইক চাপায় আলী মিয়া (৬১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মদন-খালিয়াজুরি সড়কের উচিতপুর নামক স্থানে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মদন উপজেলার হাওরে ধান কিনতে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেলে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। পথে চালের বস্তাবোঝাই একটি ইজিবাইক বিপরীত দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক নাছির উদ্দিন ও আলী মিয়া গুরুতর আহত হন। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আলী মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

বরিশাল: উজিরপুর উপজেলার সানুহারে বাসচাপায় গোলাম কিবরিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ী মোড়ের বাসিন্দা।

পুলিশ জানায়, বাইপাস সড়কে হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এর ভেতরে থাকা গোলাম কিবরিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন ওই অটোরিকশার যাত্রী জাহিদুল ইসলাম (৪৩) ও চালক মোস্তফা হাওলাদার।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাট: কচুয়ায় বাসচাপায় গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ডে এ দুর্ঘটনা ঘটে। গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদ্রাসায় চাকরি করেন। সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।