ব্যবসায়ীদের ব্যবসায়িক নিশ্চয়তা ও সম্মানের সঙ্গে কাজের সুযোগ দিতে এক্সিট পলিসি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আজ রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিসিআই সভাপতি বলেন, আমরা এক্সিট পলিসি নিয়ে গভর্নরের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীদের যেন সম্মানের সঙ্গে ব্যবসা বন্ধ করার সুযোগ থাকে এবং তাদের জেলে যেতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করেছি। এটি তিন মাসের মধ্যে কার্যকর করতে বলেছি। গভর্নর এ বিষয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরো বলেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে নতুন ব্যবসায় আগ্রহ তৈরি হবে না। সামনের জুনের মধ্যে দুটি ঈদ রয়েছে। এমন পরিস্থিতিতে বিসিআইয়ের সদস্যরা ভালো আছেন বলা যাবে না।

ব্যাংকের এক্সপোজার লিমিট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। কিন্তু বর্তমানে এনসিও ১৫ শতাংশে কাভার হয় না। আমরা এটি আবার ২৫ শতাংশে ফিরিয়ে নেয়ার প্রস্তাব করেছি। কারণ ব্যাংকগুলো এখন এই চাপ সামলাতে পারছে না। গভর্নর বিষয়টি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় বিজিএমইএয়ের প্রশাসক মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম স্বপন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।