বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চলছে। শিগগিরই বাজার স্থিতিশীল হবে।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবস্থার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কাগুজে ব্যবস্থার পরিবর্তে এখন থেকে টিসিবির কার্যক্রম স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে পণ্য বিতরণ ও ক্রয় কার্যক্রম আরো স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে।

এরই মধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। স্মার্ট কার্ডধারীরা টিসিবির মাধ্যমে ভোজ্যতেল ২ লিটার ২০০ টাকায়, মশুর ডাল ২ কেজি ১২০ টাকায় এবং চিনি ১ কেজি ৭০ টাকায় ক্রয় করতে পারবেন।

টিসিবির কার্যক্রম বাড়াতে ক্রয় কার্যক্রমকে আরো সাশ্রয়ী করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে, যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা সরকারি ভর্তুকি দেয়া হয়। এই প্রক্রিয়ায় খরচ সাশ্রয় করা গেলে আরো বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেয়া সম্ভব হবে।

চালের বাজার সম্পর্কে তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে অস্থিরতা দেখা দিয়েছে। তবে মনিটরিং চলছে। দ্রুত এটি নিয়ন্ত্রণে আসবে।

আলুর বাজার নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, এ বছরের অভিজ্ঞতার আলোকে আগামী বছর সরকারিভাবে আলু মজুত করার উদ্যোগ নেয়া হবে। সংরক্ষণাগারে আমদানি করা ও দেশে উৎপাদিত আলু সংরক্ষণ করা হবে, যা দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

অনুষ্ঠানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বক্তব্য রাখেন। নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সাল আজাদ এ সময় উপস্থিত ছিলেন।