চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে। চট্টগ্রামে অত্যধিক রোগীর কারণে সবাই ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন না। এতে করে রোগীদের কষ্ট ও ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। তাই চসিকের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার করা হবে, যেখানে রোগীরা স্বল্প খরচে ডায়ালাইসিস করাতে পারবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ বুধবার (৬ নভেম্বর) চসিকের মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে নতুন সিটি মেয়র এসব কথা জানান। এ সময় চসিকের সিইও শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বার্ন, ট্রমা, নিউরোসার্জারি হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছে আছে। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করব। মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তুলে বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় লোকবল দিয়ে স্বল্প মূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা ও চিকিৎসা দেয়া হবে। মশা নিয়ন্ত্রণে আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাট পরিদর্শন করব। পরিচ্ছন্ন বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেব। মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলো আসলে কাজ করছে কিনা তা যাচাই করব। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব।
মেয়র শাহাদাত বলেন, এক সময় নারী ও নবজাতক শিশুদের সেবায় চট্টগ্রামে মেমন হাসপাতালের আলাদা সুনাম ছিল। এখানে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে বুঝলাম হাসপাতালে যন্ত্রপাতির ঘাটতি আছে। এ যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় লোকবল দিয়ে হাসপাতালকে ঢেলে সাজানো হবে। বন্দরটিলা হাসপাতাল, মোস্তফা হাকিম হাসপাতালসহ করপোরেশনের বেশ কিছু ভালো বড় হাসপাতাল রয়েছে। এগুলো সংস্কার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে।










