প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেস্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে চলেছেন। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট দেশ হিসেবে গড়তে আমাদের সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে তিনি বলেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।