ফরিদপুরে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চারজন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নওগাঁ তিন শিক্ষার্থী, সাভারে দুজন এবং মেহেরপুর ও ফেনীতে আরো দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ফরিদপুর: সকালে গরু কিনতে মাদারীপুরের শিবচর থেকে টেকেরহাটে যাচ্ছিলেন বেশ কয়েকজন। তাদের বহনকারী অটোরিকশাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছলে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়ক থেকে ছিটকে পড়ে অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলেসহ চারজন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে আনার পর আরো একজন মারা যান। আহত অন্য চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। ফরিদপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ: জেলার পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭), আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭) ও শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)। তাদের প্রত্যেকের বাড়ি মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায়।
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, নিহত সুনিধির আশরাফের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হৃদয় হোসেন এবং সর্বশেষ গতকাল ভোরে সাদনান সাকিবের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
সাভার: হেমায়েতপুর ও রেডিও কলোনি ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এসব দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, ঢাকার কামরাঙ্গীরচর থেকে মোটরসাইকেলে করে বাবা-ছেলে বগুড়ায় যাচ্ছিলেন। পথে সাভারের হেমায়েতপুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আনোয়ার শরিফ। গুরুতর আহত হন ছেলে তাসিন শরিফ রূপম।
অন্যদিকে মধ্যরাতে রেডিও কলোনি ইউটার্ন এলাকায় গাড়িচাপায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।
মেহেরপুর: ইঞ্জিনচালিত আলগামন (স্থানীয় যানবাহন) উল্টে নজিম উদ্দিন (৬৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা। যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ডাম্প ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আলগামনটি।
ফেনী: জেলার দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় আবু সুফিয়ান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার সিলোনিয়া ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফজরের নামাজ পড়ে হাঁটতে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আবু সুফিয়ান।










