কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ ছিল যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল। যদিও এর মধ্যে বিজিবি ও পুলিশের পাহারায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করেছে। গতকাল সীমিত পরিসরে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি গতকাল সকাল ৭টায় ছেড়ে যায়। ৭টা ২০ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যায় তুরাগ কমিউটার। একইভাবে সকাল ১০টায় তিতাস কমিউটার, আড়াইটাই রাজশাহী কমিউটার, ৩টায় জামালপুর কমিউটার ও ৫টায় তুরাগ কমিউটার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়ে কারফিউ শিথিল থাকাকালীন পুনরায় কমলাপুরে ফিরে আসে।
ঢাকা রেলওয়ের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, ‘এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। গতকাল সকালে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।’










