জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ ব্রিফিংয়ের আয়োজন করে।
মাহফুজ আলম বলেন, আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এ বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি খসড়া তৈরি করেছি। আন-অফিশিয়ালি আমরা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। তারা বেশিরভাগ বিষয়ের সঙ্গে একমত। তবে কিছু বিষয়ের সঙ্গে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।
উপদেষ্টা বলেন, আগামীকাল এটি ঘোষণা করার কথা ছিল কিন্তু আগামীকালই হচ্ছে না। রাজনৈতিক দলগুলো এবং শিক্ষার্থীদের ধৈর্য ধরে আমাদের সময় দেয়ার জন্য আহ্বান জানাব। শিগগিরই এ ঘোষণাপত্র দেয়া হবে। এটিকে আমরা একটি আইনি কাঠামোর মধ্য দিয়ে স্বীকৃতি দেব।
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।










