গত ২৪ ঘণ্টায় উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন তাহেরা বেগম ও তার ছেলে মোহাম্মদ ইউসুফ। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংঘর্ষে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শান্তনু ঘোষ জানান, মোহাম্মদ ইউসুফের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার বাম পাশের সামনের দিক দিয়ে গুলি ঢুকে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে।
অন্যদিকে তাহেরা বেগমের পেটে গুলি লেগেছে। তবে তার শরীরে গুলির কোনো এক্সিট পয়েন্ট পাওয়া যায়নি।










