বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসির হ্যাটট্রিকে ঘরের মাঠে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই হ্যাটট্রিকের মাধ্যমে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে তিনিই এখন লাতিন মহাদেশে সবচেয়ে বেশি গোলের মালিক। জাতীয় দলের জার্সিতে ১৫৩ ম্যাচে তার গোল সংখ্যা ৭৯। এটা আর্জেন্টিনার হয়ে তার সপ্তম হ্যাটট্রিক।
বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে গতকাল ভোরে ম্যাচের ১৪ মিনিটে চিরচেনা জাদুকরী ড্রিবলিংয়ের পর গোলকিপারকে পরাস্ত করেন মেসি। ৬৪ মিনিটে লাউতারো মার্টিনেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস খেলার পর বক্সের জটলার মধ্যেই পায়ের দুর্দান্ত কারুকাজে দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে কাছ থেকে নেয়া শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
গতকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের আরেক ম্যাচে পেরুকে ঘরের মাঠে ২-০ গোলে হারায় ব্রাজিল। গোল করেন নেইমার ও এভারটন রিবেইরো। এ জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে (১৫), একুয়েডর (১৩) ও কলম্বিয়া (১৩)।










