বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রভাত কুমার সিং (৩৭) নামে এক ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে রামপাল থানা পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বাশের সাঁকোর সঙ্গে ঝুলান্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা করা হয়। 

জানা গেছে, প্রভাত কুমার সিং ভারতের বিহারপাঞ্জাব এলাকার গুরুদাসপুর থানার বহমনি গ্রামের জনক কুমার সিং এর ছেলে। তার পাসর্পোট নাম্বার আরএস ৫২১০৭৪০। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা প্রভাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এ ব্যাপারে বলেন, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে প্রভাত সিং বন্ধুদের সঙ্গে কলোনির সামনে কথা বলছিলেন। হঠাৎ একটা ফোনকল এলে ফোনে কথা বলতে বলতে সামনে দিকে চলে যান তিনি। এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে এসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে ব্যারাকের অদূরে একটি বাঁশের সাঁকোর সাথে প্রভাত সিংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। 

উপ-প্রকল্প পরিচালক আরো বলেন, ইনডোয়েন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে ১৮ আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন প্রভাত সিং। তবে এই মৃত্যুর কারণ আমরা জানতে পারিনি।