বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাসতবক গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের স্ত্রী মোসাম্মাৎ হামিদা বেগম (৪২) ও হামিদার ছেলে রাসেল (১৮)।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে দেলোয়ার দিনমজুর নিয়ে তার সুপারি বাগানে একটি কাঁঠাল গাছ কাটতে যান। এক পর্যায়ে গাছের একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়লে তারটি ছিঁড়ে যায়। তারটি দেলোয়ার হাত দিয়ে সরাতে গেলে তিনি প্রথমে বিদ্যুতায়িত হয়ে তারে জড়িয়ে যান। এ সময় তার ভাইয়ের স্ত্রী হামিদা ও ভাতিজা রাসেল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, বিষয়টি প্রশাসন তদন্ত করছে। উপজেলা পরিষদ থেকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে। মরদেহ তিনটি তাদের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।