ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামীকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ টা হতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।
এদিকে, সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিক হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নির্বাচিত সংসদ সদস্যের শপথ পাঠ করাতে পারবেন। এবার প্রথমবারের মতো সেটি হতে যাচ্ছে।










