টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট ভারত নবম বিশ্বকাপ আসরে আজ প্রথমবার মাঠে নামছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। 

রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য আজকের ম্যাচটি মূলত পাকিস্তান ম্যাচের মহড়া। ৯ জুন রাতে এ মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে তারা। হাইভোল্টেজ ম্যাচের আগে আইরিশদের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন ভারতের তারকারা। তবে ভারতীয়দের জন্য মহড়া হলে আইরিশরা কিন্তু অন্য রকম ভাবছে। দলটির কোচ হেনরিখ মালান তো সরাসরি বলেই দিলেন, ভারতীয়দের বিপক্ষে অঘটন ঘটাতে চান তারা। 

ভারতকে সামনে পেয়ে রীতিমতো রোমাঞ্চিত মালান। তিনি আশা করছেন, তার খেলোয়াড়দের অনুভূতিও নিশ্চয়ই একই রকম। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ কোচ বলেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে তাকান তবে দেখবেন এখানে একজন কিংবা দুজনকে জ্বলে উঠতে হয় এবং এই দু-একজনই কিন্তু একটি দলকে মাটিতে নামাতে পারে।’

দুই বছর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের স্মৃতিচারণ করে মালান বলেন, ‘ভারতীয়রা কেবলই আইপিএল থেকে এসেছে এবং আমি দেখেছি তারা ওয়ার্মআপ ম্যাচে কতিপয় খেলোয়াড়কে বিশ্রামও দিয়েছে। কিন্তু এটা ঠিক, টি-টোয়েন্টিতে সব দলই একটি পর্যায়ে সমান। কাজেই আপনি যদি সঠিক পরিকল্পনা ও জয়ের আকাঙ্ক্ষা নিয়ে এগোতে পারেন তবে যেকোনো দলকে হারানো সম্ভব।’

ভারতীয়দের চোখ অবশ্য আরো দূরে। শিরোপা জিততে মরিয়া ক্রিকেটের সর্ববৃহৎ এ দেশ। ২০০৭ সালে প্রথমবার শিরোপা জয়ের পর মাত্র একবারই তারা ফাইনালে উঠতে পেরেছে এবং সেবার ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে উপমহাদেশের প্রতিপক্ষ শ্রীলংকার কাছে পরাজিত হয় মহেন্দ্র সিং ধোনির দল। ওয়ানডে বিশ্বকাপও জিতেছে তারা আজ থেকে ১৩ বছর আগে। ২০২৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার দল। আহমেদাবাদ ফাইনালে হেরে চোখের জলে বিদায় নেয়া ‘মেন ইন ব্লু’রা সেই শোক ভোলার আরেকটি উপলক্ষ পেয়েছে। সেজন্য এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের শ্রেষ্ঠত্বের মুকুট জিততে হবে রোহিত-কোহলিদের। 

এদিকে, আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাঠে নামছে ২০২১ আসরে চ্যাম্পিয়ন এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপ জয় করা অস্ট্রেলিয়া। বার্বাডোজে ‘বি’ গ্রুপ ম্যাচে তারা খেলবে ওমানের বিপক্ষে। এ গ্রুপের আরেক ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্কটল্যান্ড। গ্রুপের পঞ্চম দল নামিবিয়া। সোমবার নামিবিয়ার কাছে সুপার ওভারে হেরেছে ওমান। মধ্যপ্রাচ্যের দলটি আজ পরাশক্তি অস্ট্রেলিয়ার সামনে পড়ছে। 

গায়ানায় আগামীকাল ভোর সাড়ে ৫টায় ‘সি’ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি ও উগান্ডা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাপুয়া নিউগিনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করে হেরেছে, আর আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি নবাগত দল উগান্ডা।