বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণ সভা হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপি যশোর জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।
এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক আগে থেকেই বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সব নির্বাচন হচ্ছে রাতের বেলায়। দেশে কোনো গণতন্ত্র নেই। যে কারণে সরকার হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। এতে দেশর কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ নিষ্পেশিত হয়ে যাবে। কেননা জ্বালানির সঙ্গে সবকিছুর সম্পর্ক। পরিবহন ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বাড়বে। বক্তারা বলেন, ডিজেল কৃষকরা ব্যবহার করেন। সেচে খরচ বাড়বে কৃষকের। এতে বর্তমান সরকারের কিছু যায় আসে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। জনগণের ভোট কেড়ে নিয়ে জোর করে দেশ পরিচালনা করছে। এজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।










