সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার
পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।
মেলায় চলছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।
শিব মেলা ঘিরে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলাও বসেছে।
গতকাল সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অর্চনা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে।
জানা যায়, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই এ মেলার উত্পত্তি হয়েছে বলে ধারণা করা হয়।
পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ।
স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে মেলায় আসেন।
আর
অবিবাহিত নারীরা আসেন শিবের মতো যোগ্য স্বামী পাওয়ার প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে তুষ্ট করতে।
গতকাল জেলা প্রশাসক মো. জোহর আলী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
এ
সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর তরুণ কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর থানার ওসি খলিলুর রহমানসহ প্রমুখ।










