সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার জয়পত্রকাটি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক জানান, শনিবার রাত ১১টার পর খাওয়াদাওয়া শেষে বাড়ির দোতলার নিচের সিঁড়ির বারান্দায় শুয়ে ছিলেন তিনি ও তার স্ত্রী। ছেলে রাহীনুর ইসলাম ঘরে শুয়ে ছিল। রাত দেড়টার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত তার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। তাকে ও স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা ছেলে রাহীনুরকে দরজা খুলতে বাধ্য করে। এ সময় ছেলেকেও তাদের অস্ত্রের মুখে জিম্মি করে চাবি দিয়ে পাশের ঘরের তালা খুলতে বাধ্য করা হয়। এরপর ডাকাত দলের সদস্যরা ঘরের আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা, স্ত্রীর এক ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।